ডিআইটিএফ আর থাকছে না, নাম বদলে হবে ‘ঢাকা বাণিজ্য মেলা’
আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। অর্থাৎ নাম থেকে বাদ যাচ্ছে ‘আন্তর্জাতিক’ শব্দটি।
১৯৯৫ সাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এই মেলার আয়োজন হয়ে আসছিল। বর্তমানে পূর্বাচলে যৌথভাবে আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সোমবার ইপিবির কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত সচিব আবদুর রহিম খান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, মেট্রো চেম্বারের সভাপতি কামরান তানভীর রহমানসহ অনেকে।
কেন নাম বদলানো হলো?
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে ডিআইটিএফের উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানকে সরাসরি অংশগ্রহণের সুযোগ দেওয়া, যাতে তারা মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করতে পারে। কিন্তু বাস্তবে দেখা যায়, বিদেশি প্রতিষ্ঠানগুলো সরাসরি না এসে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নেয়। এতে অনেক সময় নিম্নমানের পণ্য বিদেশি ব্র্যান্ডের নামে উপস্থাপন করা হয়, যা ক্রেতাদের প্রতারিত করছে এবং মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, "নামে আন্তর্জাতিক হলেও প্রকৃত অর্থে এটি আন্তর্জাতিক মেলা নয়। তাই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিদেশি প্রতিষ্ঠান কি থাকবে?
ডিআইটিএফের মতোই নতুন ‘ঢাকা বাণিজ্য মেলা’-তেও তুরস্ক, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের স্টল থাকবে বলে জানানো হয়েছে।
নতুন উদ্যোগ
এছাড়া ইপিবির পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন করেছে। পাশাপাশি বৈশ্বিক বাজারে দেশি পণ্যের প্রসার বাড়াতে ‘সোর্সিং বাংলাদেশ ২০২৫’ নামে একটি আন্তর্জাতিক সোর্সিং ফেয়ার আয়োজনের অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, "আন্তর্জাতিক অঙ্গনে দেশি পণ্যের পরিচিতি বাড়াতে সোর্সিং মেলা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বিদেশে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে এর প্রচার জোরদার করা হবে।"
0 Comments