ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা
| বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারা আজ সোমবার ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিকেলেঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ছবি সংগ্রহীত |
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন একটি প্যানেল গঠন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির নেতারা জানিয়েছেন, তাঁরা ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেলের অধীনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের নাম ঘোষণা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদেরসহ অন্যান্য নেতারা। এর আগে তাঁরা প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংবাদ সম্মেলনে জাহিদ আহসান বলেন,
“আমরা প্যানেলের নাম চূড়ান্ত করেছি ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁদের, যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, মাঠে লড়াই করেছেন এবং বুদ্ধিবৃত্তিক ভূমিকা রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্ম, মত ও গোষ্ঠীর শিক্ষার্থী পড়েন—তাঁদের সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করেই প্যানেল সাজানো হয়েছে। আগামীকাল চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।”
যদিও আনুষ্ঠানিকভাবে পদ ঘোষণা করা হয়নি, তবে সংগঠনটির সূত্রে জানা গেছে,
-
সহসভাপতি (ভিপি): আব্দুল কাদের (ঢাবি শাখার আহ্বায়ক)
-
সাধারণ সম্পাদক (জিএস): আবু বাকের মজুমদার (কেন্দ্রীয় আহ্বায়ক)
-
সহসাধারণ সম্পাদক (এজিএস): আশরেফা খাতুন (মুখপাত্র)
বাকি পদে কারা থাকছেন, তা এখনো জানা যায়নি।
ভোটারদের উদ্দেশে আবু বাকের মজুমদার বলেন,
“আমরা ডাকসু নির্বাচনকে স্বাগত জানাই। আশা করি, শান্তিপূর্ণ পরিবেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, অভ্যুত্থানে জীবন বাজি রেখেছি। শিক্ষার্থীরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন বলে বিশ্বাস করি।”
0 Comments