এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও, ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার মনে করছেন ম্যাচটি মাঠেই গড়াবে না।
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় ভারত চ্যাম্পিয়নস দল। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদেই তারা এমন সিদ্ধান্ত নেয়। যদিও এই টুর্নামেন্ট আইসিসি বা এসিসি অনুমোদিত ছিল না, এরপর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের আলোচনা তীব্র হয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব বলেন,
“আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাচটা হবে না। পাকিস্তানের বিপক্ষে ভারত সব সময়ই জিতবে, কিন্তু এই ম্যাচ একেবারেই হওয়া উচিত নয়।”
একই মত দিয়েছেন হরভজন সিং। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন,
“যত দিন দুই দেশের মধ্যে বিবাদ চলবে, আমাদের ক্রিকেট খেলা উচিত নয়। একটি জাতির তুলনায় ক্রিকেট খুবই ছোট বিষয়।”
তবে ভিন্ন অবস্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, বিষয়টি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
“ভারত-পাকিস্তান ক্রিকেট সব সময় সরকারের অনুমোদনের ওপর নির্ভর করে। সরকার অনুমতি দিলে ম্যাচটা হবে।”
অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বরং ভারতের না খেলার পক্ষে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন,
“আমি দোয়া করি ভারত যেন এশিয়া কাপে আমাদের বিপক্ষে না খেলে। খেললে তারা এত মার খাবে, কল্পনা করাও কঠিন।”
তবে এখন পর্যন্ত সূচি অনুযায়ী এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপপর্বে ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান লড়াই নির্ধারিত রয়েছে। দু’দল ভালো করলে টুর্নামেন্টে তাদের তিনবারও দেখা হতে পারে।
0 Comments